হাম ও উপসর্গে একদিনে ১৭ জনের মৃত্যু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৬:১২ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সন্দেহজনিত উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩০২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।

এ সময়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৫৪ জন। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজন এবং হাম-সন্দেহে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫২ জন এবং সন্দেহজনক হামে ২৫৯ জনের মৃত্যু হয়েছে।