সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই এবং হাম প্রতিরোধে ১৫ লাখ এমআর (হাম-রুবেলা) ডোজ টিকা ইতোমধ্যে এসে পৌঁছেছে।
বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ভিআইপি লাউঞ্জে ইউনিসেফ-এর পক্ষ থেকে সরবরাহ করা টিকার চালান গ্রহণ শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজকের চালানে ১৫ লাখ এমআর ডোজ টিকা এসেছে। আগামী ১০ মে আরও প্রায় ১ দশমিক ৮ কোটি ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিভি, বিওপিভি ও পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছাবে।”
তিনি আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ইউনিসেফের মাধ্যমে সব ভ্যাকসিন সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সরকার ইতোমধ্যে ৮৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে, যার মাধ্যমে প্রায় ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে।
এছাড়া, ওপেন টেন্ডার বাতিলের পর অতিরিক্ত ৩৫ মিলিয়ন ডলারের ভ্যাকসিনও ইউনিসেফের মাধ্যমে সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “বর্তমানে দেশে টিকার কোনো ঘাটতি নেই, ভবিষ্যতেও ঘাটতির আশঙ্কা নেই।”
আপনার মতামত লিখুন :