সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় একজন শিশুর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ছয় শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে ২৮৫ জন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২১২ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯০ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলমান প্রাদুর্ভাবের মধ্যে ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ৩২ হাজার ৮৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৯ হাজার ১৫২ শিশু।
আপনার মতামত লিখুন :