পুলিশ সপ্তাহ শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের সূচনা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত সদস্যদের হাতে পদক তুলে দেবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের পুলিশ সপ্তাহ আগামী ১৩ মে পর্যন্ত চলবে। এ সময় বিভিন্ন কর্মঅধিবেশনে বিগত বছরের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অনেকাংশে নির্ভর করে পুলিশ বাহিনীর সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর। তিনি আধুনিক অপরাধ মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি এবং ডিজিটাল ফরেনসিকসসহ প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জননিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, অপরাধ দমন, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের সক্ষমতা সরাসরি সম্পর্কিত। এজন্য সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নকে জননিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে।

মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বাণীতে বলেন, পুলিশ সদস্যদের জনগণের আস্থা ও সেবার প্রতীক হয়ে উঠতে হবে। তিনি ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন বর্ণিল প্যারেডে।

অনুষ্ঠানে ২০২৫ সালে সাহসিকতা, বীরত্ব, অপরাধ দমন, তদন্ত দক্ষতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’, ‘বিপিএম-সেবা’ এবং ‘পিপিএম-সেবা’ পদক প্রদান করা হবে।

বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।