চামড়ার নতুন দাম ঘোষণা, ঈদে বিনামূল্যে লবণ দেবে সরকার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন দর ঘোষণা করেন।
একই সঙ্গে চামড়া সংরক্ষণে দেশজুড়ে বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

সরকার নির্ধারিত দামে, ঢাকার মধ্যে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা ঠিক করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কুরবানির পর সঠিকভাবে সংরক্ষণ না হওয়ায় প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এ সমস্যা কমাতে সরকারিভাবে সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো লবণ সরবরাহ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া শিল্পে স্থিতিশীলতা ফিরবে। একই সঙ্গে চামড়া পাচার কমে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন প্রক্রিয়াকে সুশৃঙ্খল রাখতে আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।