কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

তারেক রহমান কুমিল্লাকে বিভাগে উন্নীত করার দাবির প্রতি ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী বলেন, “জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।” তার এই বক্তব্যের পর উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনগণ যে প্রত্যাশা ও অঙ্গীকারের ভিত্তিতে সরকারকে দায়িত্ব দিয়েছে, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “সবার আগে দেশ, আর দেশটা সবার। জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী আমরা কাজ করে যাব।”

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে তারেক রহমান বলেন, “সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লাকে বিভাগ করার দাবিটি দীর্ঘদিনের এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।

শনিবার সকাল থেকেই বরুড়ার সভাস্থলে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়।

পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে যান। সেখানে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব খাল পুনঃখনন প্রকল্প স্থানীয় জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচব্যবস্থা উন্নয়ন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।