দেশে বাড়ছে হাম সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

দেশজুড়ে হাম সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় নতুন করে আরও ৬ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ১ শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৪৩ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭৪ শিশুকে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে মারা গেছে ৭৫ শিশু, আর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৩৮৪ শিশু।

একই সময়ে সারাদেশে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জনে। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হওয়ায় দ্রুত বিস্তার রোধে কার্যকর টিকাদান কর্মসূচি, আক্রান্তদের পৃথক রাখা এবং হাসপাতালে আইসোলেশন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের মতে, জ্বর, শরীরে লালচে দানা, কাশি কিংবা চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে আক্রান্ত শিশুকে অন্য শিশুদের সংস্পর্শ থেকে আলাদা রাখার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।