জাতীয় সংসদে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিএনপি দলীয় সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৮ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় নবনির্বাচিত নারী এমপিদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে কার্যকর ভূমিকা রাখতে হলে তথ্যসমৃদ্ধ ও দক্ষ হতে হবে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা জরুরি। সংসদে বক্তব্য দেওয়ার সময় দায়িত্বশীলতা ও সতর্কতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ধর্মের অপব্যাখ্যা ব্যবহার করে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে। একই সঙ্গে নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন দেশের মানুষ মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চায় নানা সীমাবদ্ধতার মধ্যে ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণ গণতান্ত্রিক অধিকার ভোগের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সভায় নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদে কার্যক্রম পরিচালনা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন। উপস্থিত ৩৬ জন নারী এমপির মধ্যে ১৭ জন বক্তব্য দেন।
সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :