হামের প্রাদুর্ভাব বেড়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, দেশে হামের বিস্তার এবং হামজনিত জটিলতা মোকাবেলায় নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যখাতের জনবলকে পূর্ণ প্রস্তুতিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধিদপ্তর ও এর অধীনস্থ সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হাম ও হামজনিত নিউমোনিয়ার সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চাপ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।