দেশে ব্যাংক কার্ড ব্যবহার করে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে টাকা যুক্ত করার প্রক্রিয়ায় নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ সম্প্রতি সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন পাঠিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড প্রথমবারের মতো বিকাশ, নগদ বা রকেটসহ যেকোনো এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি ‘টোকেন লেনদেন’ সম্পন্ন করা বাধ্যতামূলক হবে। এই লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর কার্ডটি সংশ্লিষ্ট এমএফএস অ্যাকাউন্টে পুরোপুরি সক্রিয় হবে। এরপর ব্যবহারকারী স্বাভাবিক নিয়মে বড় অঙ্কের ‘অ্যাড মানি’ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, একই নিয়ম সবসময় প্রযোজ্য থাকবে না। ২০২৬ সালের ১ আগস্ট থেকে যদি কার্ডধারী ও এমএফএস অ্যাকাউন্টধারীর নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য একই হয়, তবে এই টোকেন লেনদেন আর বাধ্যতামূলক থাকবে না। অর্থাৎ, একই ব্যক্তির ক্ষেত্রে সরাসরি কার্ড সংযুক্ত করে লেনদেন সহজ করা হবে।
নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক লেনদেন শ্রেণিবিন্যাসেও পরিবর্তন এনেছে। এখন থেকে কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে টাকা স্থানান্তরকে ‘মার্চেন্ট পেমেন্ট’ হিসেবে দেখানো যাবে না; এটিকে অবশ্যই ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করতে হবে।
এ ছাড়া, কোন এমএফএস ওয়ালেটে টাকা যাচ্ছে—সে তথ্য কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভুল তথ্য, কার্ড জালিয়াতি বা অননুমোদিত লেনদেন প্রতিরোধ আরও কার্যকর হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
আপনার মতামত লিখুন :