কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৮:১১ অপরাহ্ন

কালশী বস্তি তে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মিরপুর এলাকার এই বস্তিতে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।