জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং উপজেলা পর্যায়ে রোগীদের চিকিৎসা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গত ৩ জুন স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমিত শয্যা সংখ্যার কারণে রোগীদের ভর্তি ও চিকিৎসাসেবা গ্রহণে নানা ধরনের সমস্যা দেখা দেয়। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে আরও বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। পাশাপাশি জেলা সদর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে। এসব পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের অবকাঠামোগত সক্ষমতা, ভবন সম্প্রসারণের সুযোগ, সংস্কারের প্রয়োজনীয়তা এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাই করা হবে।
নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত হলে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি এবং অন্যান্য বিশেষায়িত চিকিৎসাসেবার সক্ষমতা বাড়বে। এতে রোগীদের জেলা কিংবা বিভাগীয় হাসপাতালে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।
স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে নির্দেশনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠিয়েছে। পাশাপাশি ওয়েবসাইট এবং ই-মেইলের মাধ্যমেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :