বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দেশে এসে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
শুক্রবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তিনি বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে একত্রে বিবেচনা করলে ১৬০ কোটির একটি বিশাল জনশক্তি তৈরি হয়, যা বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে পারে।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুধুমাত্র একটি দেশের শক্তি নয়, বরং বাংলাদেশ ও ভারতের সম্মিলিত শক্তিই হবে প্রকৃত শক্তি। এই শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরতে দুই দেশের মধ্যে সহযোগিতা, পারস্পরিক আস্থা ও অংশীদারিত্ব আরও বাড়ানো প্রয়োজন।
দিনেশ ত্রিবেদী জানান, দুই দেশের প্রতিভা, দক্ষতা ও সম্পদকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়লে উভয় দেশের জনগণ উপকৃত হবে।
সীমান্তে পুশইন, ভ্রমণ ও বাণিজ্যিক বিধিনিষেধ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন আকাশ-বাতাস ভাগাভাগি করে। দুই দেশের জন্য কল্যাণকর এমন যেকোনো পদক্ষেপ ভবিষ্যতে বিবেচনা করা হবে।
বাংলাদেশে আগমনের সময় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশন ও বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা। তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।
আপনার মতামত লিখুন :