১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ৬৪৮ জন

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, দেশে নতুন আক্রান্ত ৭৯৬


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জনের মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বুলেটিন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫৫৬ জন। ফলে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৪ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ২৪৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সংক্রমণ ও মৃত্যুহার কমানো সম্ভব। স্বাস্থ্য বিভাগও জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।