দুই বছরের মধ্যে হেমায়েতপুরে গাবতলী, কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর: সড়কমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন

রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস পরিবহনে শৃঙ্খলা আনতে গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ তথ্য জানান।

সড়কমন্ত্রী বলেন, বর্তমানে রাজধানীর প্রধান বাস টার্মিনালগুলোর পরিবেশ ও অবকাঠামো আধুনিক যাত্রীসেবার উপযোগী নয়। এ কারণে স্বল্পমেয়াদে কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হলেও দীর্ঘমেয়াদে টার্মিনালগুলোকে শহরের প্রান্তসীমায় স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে।

তিনি জানান, আগামী চার থেকে ছয় মাসের মধ্যে বিদ্যমান টার্মিনালগুলোর পরিবেশ ও ব্যবস্থাপনায় কিছু দৃশ্যমান পরিবর্তন আনা হবে। তবে পূর্ণাঙ্গ স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে, বিশেষ করে কলাবাগানসহ নানা এলাকায় কিছু বেসরকারি বাস কোম্পানি নিজস্বভাবে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ন্ত্রিত কার্যক্রম বন্ধ করা হবে এবং নির্ধারিত টার্মিনাল থেকেই বাস পরিচালনা নিশ্চিত করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, উন্নতমানের ও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস পরিচালনার জন্য আধুনিক টার্মিনাল অবকাঠামো প্রয়োজন। নতুন টার্মিনালগুলোতে যাত্রীবান্ধব পরিবেশ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং সুশৃঙ্খল পরিচালন কাঠামো নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

সড়কমন্ত্রী বলেন, “বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এর সুফল দৃশ্যমান হতে কিছুটা সময় লাগলেও রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।”