আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী


​বিনোদন প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৪:০২ অপরাহ্ন

স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুপুরে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, মামলায় জাহের আলভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি ঘটনাটির সঙ্গে জড়িত নন। তাদের বক্তব্য অনুযায়ী, প্রেমের বিয়েকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার কারণে তাকে হয়রানিমূলকভাবে মামলায় আসামি করা হয়েছে। এছাড়া মামলাটি দায়েরের সময় তিনি নাটকের শুটিং উপলক্ষে নেপালে অবস্থান করছিলেন বলেও আদালতে উল্লেখ করা হয়।

অন্যদিকে, বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে আদালতের কাছে আবেদন জানায়। তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে আফরা ইভনাত ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই রাতে ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন।

জাহের আলভী ও আফরা ইভনাত ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে সন্তান রয়েছে। এর আগে একই মামলায় গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে।