যুদ্ধবিরতির ঘণ্টাখানেকের মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ১:০৪ অপরাহ্ন

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নাবাতিয়েহ অঞ্চলে একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

হামলায় কয়েকটি আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে নাবাতিয়েহ শহর ও আশপাশের এলাকায় গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। একজন মার্কিন কর্মকর্তা, একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর একাধিক সূত্র যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

তবে যুদ্ধবিরতি শুরুর অল্প সময়ের মধ্যেই ইসরাইলি হামলার ঘটনা সংঘাত পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।