যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় চার মাসব্যাপী সংঘাতের পর যুদ্ধবিরতি ও সমঝোতার একটি প্রাথমিক চুক্তি হয়েছে। তবে চুক্তির ঘোষিত রূপরেখা প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল ও যুদ্ধ পরিচালনা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশ্লেষক ও সমালোচকদের মতে, যুদ্ধ শুরুর সময় ট্রাম্প যে লক্ষ্য ও শর্ত ঘোষণা করেছিলেন, তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি।
যুদ্ধ চলাকালে ট্রাম্প ইরানের ‘শর্তহীন আত্মসমর্পণ’, পারমাণবিক সক্ষমতার সম্পূর্ণ অবসান এবং কঠোর নিয়ন্ত্রণের কথা বলেছিলেন। কিন্তু যুদ্ধ শেষে ইরানের রাজনৈতিক কাঠামো বহাল রয়েছে এবং পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনার পথ খোলা হয়েছে। ফলে অনেক পর্যবেক্ষক মনে করছেন, চূড়ান্ত ফলাফলটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত বিজয়ের চেয়ে একটি সমঝোতামূলক সমাধান হিসেবেই সামনে এসেছে।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে এবং তেলের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এটি মূলত যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার সমতুল্য।
অন্যদিকে, যুদ্ধের কারণে ইরানের সামরিক ও অর্থনৈতিক ক্ষতি হলেও দেশটি কৌশলগতভাবে নিজেদের অবস্থান পুনর্গঠনের সুযোগ পেয়েছে। ইরান দেখিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের চাপের মধ্যেও তারা টিকে থাকতে সক্ষম।
আপনার মতামত লিখুন :