প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সরকারের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রায় ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে বর্তমানে চীন সফরে থাকা প্রধানমন্ত্রী এক বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তার পরিবার এবং দেশটির জনগণের প্রতি ধন্যবাদ জানান।
মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর এই বার্তা প্রকাশ করে।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তায় গভীরভাবে অভিভূত হয়েছেন। একই সঙ্গে মালয়েশিয়া সরকার ও জনগণের বন্ধুত্বপূর্ণ আচরণের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান উল্লেখ করেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক বহু দশকের পুরোনো, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই ধারাবাহিকভাবে বিকশিত হয়েছে।
প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই বৈঠক দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিকে আরও শক্তিশালী করবে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগ, শ্রমবাজার, শিক্ষা, বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে বহুমাত্রিক অংশীদারত্বকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন।
আপনার মতামত লিখুন :