চীনের দালিয়ান সফর শেষে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান।
সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি এতে অংশ নেন।
সরকারি সূত্রে বলা হয়েছে, এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্র তৈরি করবে।
উল্লেখ্য, ২২ জুন মালয়েশিয়া সফর শেষে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে তিনি বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক ও অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।
আপনার মতামত লিখুন :