রামপুরা মানবতাবিরোধী অপরাধ মামলা: ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৩:২১ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলন্ত এক তরুণকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (২৮ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। তারা সবাই পলাতক।

এছাড়া রামপুরা থানার সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং গ্রেপ্তার থাকা সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে এটি তৃতীয়, যার রায় ঘোষণা হলো। প্রসিকিউশন পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করলেও চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ৭ আগস্ট প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তীতে নতুন ডিজিটাল প্রমাণ উপস্থাপন এবং পুনরায় সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটি রায়ের জন্য নির্ধারণ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় সংঘর্ষের সময় পুলিশি ধাওয়া থেকে বাঁচতে আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই ঘটনায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।