দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা ও বরিশাল বিভাগে।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও ডেঙ্গু কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৫১ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন এবং বরিশাল বিভাগে ৬৬ জন রয়েছেন। এছাড়া দেশের অন্যান্য বিভাগেও নতুন রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষাকালে এডিস মশার বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :