একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেন।
সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে রাজধানী থেকে বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী সরিকল–বাটাজোর খালপাড়ে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
সফরসূচি অনুযায়ী, পরে বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে বরিশালের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত আমড়া ও নারিকেলসহ বিভিন্ন ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করা হবে। এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।
সফরকে কেন্দ্র করে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। দলীয় নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ এড়াতে তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার না করে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত সড়কের দুই পাশে মানবপ্রাচীরের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে তার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :