ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নীলক্ষেত, সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থী ও আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে তারা সড়কে অবস্থান নিলে নীলক্ষেত, সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড, আজিমপুরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। তাদের অবস্থানের কারণে গণপরিবহন, ব্যক্তিগত যানবাহন ও রিকশা চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে সাধারণ যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত কোনো জমায়েত না থাকায় দুপুর ১টার পর অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে সরে যান। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা হঠাৎ করে বিভিন্ন দিক থেকে এসে নীলক্ষেত, সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মুহূর্তের মধ্যেই যান চলাচল বন্ধ হয়ে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :