ইরানে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৬:১০ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (ইএসটি) সকাল ৬টা, অর্থাৎ গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ১টা থেকে এই অভিযান শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে ইরানি বাহিনী যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে, তা আরও দুর্বল করার লক্ষ্যেই এই হামলা পরিচালনা করা হচ্ছে।

এর মধ্য দিয়ে টানা পঞ্চম দিনের মতো ইরানে সামরিক অভিযান চালাল যুক্তরাষ্ট্র। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হামলায় ইরানের সাতজন সেনাসদস্যসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় গত কয়েক দিনের হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। সব মিলিয়ে এসব হামলায় আহত হয়েছেন অন্তত ২৬০ জন।

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান এই সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে এবং হরমুজ প্রণালীকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

সূত্র: আল জাজিরা