শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, এবার ছয় দফা দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পরিবর্তে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে যান। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রতিনিধি দলের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চান, তাদের সেই সুযোগ নিশ্চিত করা; পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের পরীক্ষা ও পুনঃপরীক্ষার ফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করা; প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান; বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনঃপরীক্ষা আয়োজন; পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে উত্তরপত্র মূল্যায়ন; এবং ‘সচেতন গার্ড’-এর নামে পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের কঠোর বা বিভ্রান্তিকর আচরণ বন্ধ করা।

এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের বিষয়টি রাখা হয়নি। ফলে আন্দোলনের দাবিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।