ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ফিরে এসেছে ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক স্মৃতি। ডিয়েগো ম্যারাডোনার কিংবদন্তিতুল্য পারফরম্যান্স থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
দলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বিশ্বাস, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা সম্ভব।
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে ম্যারাডোনা করেছিলেন ফুটবল ইতিহাসের দুই স্মরণীয় গোল—‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের পর সেই জয় আর্জেন্টিনার কাছে শুধু ক্রীড়া সাফল্যই নয়, বরং আবেগ ও ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে।
আজ আটলান্টায় আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচের আগে ম্যাক অ্যালিস্টার জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ম্যারাডোনার সেই ম্যাচের ভিডিও ও মুহূর্তগুলো বর্তমান দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করছে।
তিনি বলেন, “গত কয়েক দিন ধরে ১৯৮৬ সালের ম্যাচের বিভিন্ন ক্লিপ দেখছি। এগুলো আমাদের মনে করিয়ে দেয়, ডিয়েগো আমাদের দেশের জন্য কী ছিলেন। আশা করি, সেই দলের মতো আমরাও বিশেষ কিছু অর্জন করতে পারব।”
তবে ম্যারাডোনার সেই অসাধারণ পারফরম্যান্সের পুনরাবৃত্তি করা সহজ নয় বলেও স্বীকার করেন লিভারপুলের এই মিডফিল্ডার। তার ভাষায়, “ডিয়েগো যা করেছিলেন, সেটি করার চেষ্টা করাও প্রায় অসম্ভব। হয়তো একমাত্র লিওনেল মেসিই এমন কিছু করে দেখাতে পারেন।”
ম্যারাডোনার ঐতিহাসিক উত্তরাধিকার আর মেসির নেতৃত্ব—এই দুই অনুপ্রেরণাকে সঙ্গী করেই ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের টিকিটের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা।
আপনার মতামত লিখুন :