১০ লাখ কর্মসংস্থান ও ‘ইউনিভার্সাল কার্ড’ পরিকল্পনার কথা জানালেন: প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের মৌলিক সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, কোনো দয়া বা অনুগ্রহ নয়।
তাই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, স্পোর্টস কার্ড এবং ধর্মীয় নেতাদের জন্য চালু বিভিন্ন কার্ড একীভূত করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে নাগরিকরা একক পরিচয়ে সরকারি সব সুবিধা গ্রহণ করতে পারবেন।

বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ থাকা প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষকের সুদসহ বকেয়া ঋণ মওকুফ করেছে, যা মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সরকার আগামী দিনে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও কার্যকর ও সমন্বিত করতে কাজ চলছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রতি বিরোধী দলের সমর্থনেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনকল্যাণমূলক কর্মসূচিকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে রেখে এগিয়ে নেওয়াই দেশের মানুষের স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ।