কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় আগামী শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি ছাড়ার প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।
উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল, যেখানে লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে উজান থেকে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লেকের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হতে পারে। তবে পানির প্রবাহ ও আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী গেট খোলার সময় এবং পানি ছাড়ার পরিমাণ পরিবর্তন হতে পারে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, বর্তমানে লেকের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ এবং বৃষ্টিপাত সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে ধাপে ধাপে আরও বেশি গেট খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।
তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশন করা হচ্ছে।
এদিকে সম্ভাব্য পানি ছাড়ার ঘোষণার পর কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :