২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, জানাল শিক্ষা বোর্ড


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে পরীক্ষার্থী ও অভিভাবকদের। আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে।

তবে ফল প্রকাশে দীর্ঘসূত্রতা হবে না বলে আশ্বস্ত করে তিনি জানান, প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করে চলতি জুলাই মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। এখন সেই সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।