দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, লাঠিচার্জের অভিযোগ; ইন্টারনেট বন্ধের দাবি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

ভারতের রাজধানী দিল্লিতে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এরপর বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধস্তাধস্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার (২০ জুলাই) যন্তর মন্তর এলাকা থেকে সংসদ ভবনের উদ্দেশে মিছিল শুরু করলে পুলিশ তা আটকে দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) মোতায়েন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পুলিশের বাধার মুখে অনেক বিক্ষোভকারী সড়কে বসে অবস্থান নেন। এ সময় কয়েকজনকে আটকও করা হয়েছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের আরও দাবি, সংসদ ভবনসংলগ্ন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে এবং সিগন্যাল জ্যামার ব্যবহারের কারণে মোবাইল ও ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছে। তবে এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে দিল্লি পুলিশ জানিয়েছিল, সংসদ ভবনের দিকে কোনো মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও সকাল থেকেই যন্তর মন্তর এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। পরে তারা সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।