ভিডিও ভাইরাল: জামায়াতের এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক কিশোরীর সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে দলটি।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।