মোদি সরকার হটাও’—আটকের সময় পুলিশই এমন কথা বলেছে: রাহুলের দাবি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে আটক হওয়ার সময় দিল্লি পুলিশের কয়েকজন সদস্য ব্যক্তিগতভাবে তাকে ‘মোদি সরকার হটাও’ বলে মন্তব্য করেছিলেন বলে দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।

রাহুলের ভাষ্য, মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনের সামনে বিক্ষোভের সময় পুলিশ তাকে জোর করে সরিয়ে নিয়ে যাচ্ছিল। সে সময় কয়েকজন পুলিশ সদস্য তার কানে কানে বলেন, ‘এই সরকারকে হটাও। আমরা শুধু ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছি।’

তিনি দাবি করেন, দায়িত্ব পালনের কারণে পুলিশ সদস্যরা কঠোর অবস্থান নিতে বাধ্য হলেও ব্যক্তিগতভাবে তারা সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট নন।

রাহুল গান্ধী বলেন, ‘ওদের নির্দেশ মানতে হয়, তাই তারা তা করছে। কিন্তু যা ঘটছে, তাতে পুলিশও খুশি নয়। তারা জানে একটি অন্যায় হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে তারা নিজেদের সন্তানদের দেখতে পাচ্ছে।’

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেসের শীর্ষ নেতারা। পরে দিল্লি পুলিশ তাদের সেখান থেকে আটক করে সরিয়ে নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ রাহুল গান্ধীকে জোরপূর্বক ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে। তবে ভিডিও থেকে তার নাক থেকে রক্তপাত বা পুলিশ সদস্যদের কথোপকথনের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।