মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৯:০০ অপরাহ্ন

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি (NEET-UG)-তে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণের দাবিতে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২০ জুলাইয়ের আন্দোলনের চেয়েও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন সংগঠনের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বৈঠকে আন্দোলনকারীরা তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। সেগুলো হলো— শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে অপসারণ বা পদত্যাগে বাধ্য করা, প্রশ্নফাঁস ও অনিয়মের ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা।

সিজেপির দাবি, দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে সরকার নীতিগত সম্মতি জানিয়েছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার।

উভয় পক্ষের মধ্যে পরবর্তী বৈঠক শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত না হলে শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কার নিয়ে আর কোনো আলোচনা হবে না।

সূত্র: দ্য হিন্দু