ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে যান তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। বঙ্গভবনে পৌঁছানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তার দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর গত রোববার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষরও করেন। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাজধানীতে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মতামত লিখুন :