২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৩


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮৯ জন। এছাড়া চট্টগ্রামে ৬৯ জন, বরিশালে ৬৭ জন, খুলনায় ৬২ জন, রাজশাহীতে ৩২ জন, ময়মনসিংহে ২১ জন, রংপুরে ২০ জন এবং সিলেট বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত ১৩ হাজার ৯৩১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৬৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

তুলনামূলকভাবে, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ওই বছরে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।