যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ যুব সম্মেলন ‘ফিউচার উই ওয়ান্ট মডেল ইউনাইটেড নেশনস (FWWMUN) কনফারেন্স ২০২৬’।
এ সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী তামরিন।
গত ৩১ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ডেলিগেট হিসেবে তার নিবন্ধন সম্পন্ন হয়। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন তরুণ এ সম্মেলনে অংশ নিলেও তারা বাংলাদেশি পাসপোর্টধারী নন। ফলে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সরাসরি দেশের প্রতিনিধিত্বকারী একমাত্র প্রতিনিধি তামরিন।
চার দিনব্যাপী এই সম্মেলনে বিশ্ব শান্তি, কূটনীতি, তরুণ নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হবে। জাতিসংঘের এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাকে তামরিনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী তামরিন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববির জ্যেষ্ঠ কন্যা। প্রবাসে বেড়ে উঠলেও তিনি বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তামরিনের এই সাফল্যে তার বাবা শেখ ফয়সাল সিদ্দিকী ববি বলেন, এটি একজন বাংলাদেশি ও প্রবাসী বাবা হিসেবে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। তিনি আশা প্রকাশ করেন, তার মেয়ে জ্ঞান, প্রজ্ঞা ও সততার মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।
FWWMUN জাতিসংঘের কার্যপ্রণালির আদলে পরিচালিত একটি আন্তর্জাতিক শিক্ষামূলক সম্মেলন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্ব এবং বৈশ্বিক নীতিনির্ধারণে অংশগ্রহণের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করা হয়।
আপনার মতামত লিখুন :