সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা ও জেবেল আলি শিল্পাঞ্চলে বুধবার ভোরে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যেই ধারাবাহিকভাবে বিস্ফোরণগুলো ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাস্থলের ভিডিও ধারণের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। যদিও এ বিষয়ে আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কয়েকটি ইরাকি সংবাদমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, এবং আমিরাতের সরকারি বা মূলধারার কোনো সংবাদমাধ্যমও এমন হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
প্রতিবেদন অনুযায়ী, নাসার তাপীয় উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পাশের একটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর গুদামে আগুনের উপস্থিতির ইঙ্গিত মিলেছে।
এখন পর্যন্ত বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে আবাসিক এলাকার কাছাকাছি থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরেই উচ্চ সতর্কতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় দেশটিকে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হিসেবে বিভিন্ন সময় বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :