মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতে পারে—এমন আলোচনা চলছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী ঘোষণা করার পর তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয় ও রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে। তবে মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মন্ত্রিপরিষদ বিভাগ।

আলোচনা অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল তার বর্তমান সরকারি ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টন করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।

অন্যদিকে বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সে ক্ষেত্রে মন্ত্রিসভার দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বড় ধরনের দায়িত্ব পুনর্বণ্টন হবে।

নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রগুলো বলছে, প্রশাসনিক কার্যক্রমে গতি বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্বে ধারাবাহিকতা নিশ্চিত করতেই দ্রুত এ ধরনের পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হতে পারে।

তবে সালাহউদ্দিন আহমেদ বা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির দায়িত্ব পরিবর্তনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারি হয়নি।