দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল। স্বামীর জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে মুক্তি পান দীপু মনি।

জানাজার সময় দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যান মসজিদ প্রাঙ্গণে পৌঁছায়। জানাজা শেষে তিনি ভ্যান থেকে নেমে স্বামী তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্যারোলের নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নেওয়াজ মারা যান। তাঁর মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য দীপু মনির পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।