নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর তাঁর শপথগ্রহণের বিষয়টি সামনে এসেছে।

আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুসারে স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার কায়সার কামাল পালন করছেন। ফলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনিই সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাইলে মন্ত্রণালয় জানায়, ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে কায়সার কামালের রাষ্ট্রপতিকে শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ।