এলসি ছাড়াই চুক্তির ভিত্তিতে পণ্য আমদানির সুযোগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:০১ অপরাহ্ন

এখন থেকে কোনো ঋণপত্র (এলসি) না খুলেও কেবল ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ বাস্তবায়নে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে পাঠিয়েছে। এর আগে গত ২৪ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় নতুন আমদানি নীতি আদেশ জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, শিল্প ও বাণিজ্যিক খাতে আমদানিযোগ্য সব পণ্য কোনো মূল্যসীমা ছাড়াই শুধু চুক্তির ভিত্তিতে আমদানি করা যাবে। পাশাপাশি আমদানি মূল্য পরিশোধে ‘উন্মুক্ত হিসাব’ বা ‘ওপেন অ্যাকাউন্ট’ পদ্ধতি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এ ব্যবস্থা আমদানিকারকদের নগদ প্রবাহ ব্যবস্থাপনায় স্বস্তি দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য সংগ্রহ ও মূল্য পরিশোধকে আরও সহজ ও নমনীয় করবে। বিশেষ করে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত প্রতিষ্ঠানগুলোর লেনদেন ব্যবস্থাপনা আরও গতিশীল হতে পারে।

তবে এলসি ছাড়া পণ্য আমদানির ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিদ্যমান সব বিধিবিধান যথাযথভাবে পরিপালন করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি করা পণ্য এবং স্থানীয়ভাবে উৎপাদন উপকরণ সংগ্রহসংক্রান্ত লেনদেন নিষ্পত্তির সময় এডি ব্যাংকগুলোকে আমদানি নীতি আদেশ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এদিকে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন উপকরণ আমদানি ও স্থানীয়ভাবে সংগ্রহের ক্ষেত্রেও নতুন নীতিতে বিশেষ সুবিধা রাখা হয়েছে। নীতিমালার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে স্থানীয় উৎস থেকে দেশীয় মুদ্রায় এবং ‘ফ্রি-অব-কস্ট’ বা বিনামূল্যে উৎপাদনের কাঁচামাল সংগ্রহ করতে পারবে। একই সঙ্গে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন আমদানি নীতি আদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নতুন কোনো আদেশ জারি না হলে বর্তমান বিধানই বহাল থাকবে।