ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুলকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
ভাইরাল অডিও ঘিরে তদন্ত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে এক ব্যক্তিকে ওসি পরিচয়ে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ওসি পদায়নে অর্থ লেনদেনের অভিযোগও তোলা হয়।
অডিওতে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও ওই ব্যক্তিকে কথা বলতে শোনা যায়।
অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে ডিএমপি। তদন্ত কমিটির সদস্যরা রাকিবুল হাসানকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।
এ ছাড়া অডিওতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রাজনৈতিক ভূমিকা এবং বদলি-পদায়ন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগসংক্রান্ত বক্তব্য রয়েছে। সেখানে ‘মনির’ নামে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িচালকের মাধ্যমে ওসি পদায়নের অভিযোগও করা হয়।
তবে ভাইরাল অডিওর বক্তব্যগুলোর সত্যতা এবং সেখানে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে কী তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর রাকিবুল হাসানের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :