দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৯৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৩৫৮ জন। এ ছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩২৮ জন, বরিশাল বিভাগে ২৬০, খুলনা বিভাগে ২৫৬, রাজশাহী বিভাগে ২০৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৬, রংপুর বিভাগে ১০১, ময়মনসিংহ বিভাগে ৯৪ এবং সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন চারজনের মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে।
অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ৮১ হাজার ৫৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির ফলে এই সংখ্যা আরও বেড়েছে।
আপনার মতামত লিখুন :