তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়।
এ ছাড়া উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন তারা।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তিনি।
আপনার মতামত লিখুন :