ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দুর্বল হয়ে গভীর নিম্নচাপ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল অতিক্রমের পর শক্তি হারাতে শুরু করে ঘূর্ণিঝড়টি। পরে সকাল ১১টা ৩০ মিনিটে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

আইএমডির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।

উপকূল অতিক্রমের পর ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দক্ষিণ উপকূলীয় ওড়িশার ওপর গভীর নিম্নচাপে পরিণত হয়। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির শঙ্কা

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও বিজয়নগরম জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। এ ছাড়া কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা দেওয়া হয়।

ওড়িশার গঞ্জাম জেলাসহ উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। গঞ্জামের পাত্রপুর এলাকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গোপালপুরেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

ঘূর্ণিঝড় মোকাবিলায় ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নেয়। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, উদ্ধার অভিযান এবং জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ওড়িশার গঞ্জাম জেলা থেকে দেড় লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষও চালু রাখা হয়েছে।

এদিকে জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে ও ভারতের আবহাওয়া অধিদপ্তর।