জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৬:০১ অপরাহ্ন

জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

এ মামলায় নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোড়ল। আবেদনে বলা হয়, মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তাঁর রিমান্ড চাওয়া হতে পারে।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, আদালত কারাগারে আটক রাখার আবেদন গ্রহণ করেছেন। তবে আসামিপক্ষ থেকে কোনো জামিনের আবেদন করা হয়নি।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের সঙ্গে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে যোগ দেন। তাঁরা আন্দোলনকারীদের এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি ছোড়েন। এতে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে।

পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

নিহত সাদিকুল ইসলামের বয়স ছিল ২১ বছর। তাঁর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তিনি উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন।

তাঁর মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

নাহিদের বিরুদ্ধে সিলেটে ১৪ মামলার তথ্য

পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনার বরাতে আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাও রয়েছে।

এদিকে উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল হত্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে মামলার তদন্ত কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে রিমান্ড আবেদন করা হতে পারে বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে।