গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে এবং ভবিষ্যতেও তা স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেছেন, ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেন কঠোর অবস্থানে যেতে না হয়, সেভাবে কর্মসূচি পালন করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে পুলিশ, এসআরবি ও বিজিবির প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লাগাতার কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশে অতীতেও অনেক লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেসব কর্মসূচির শেষ পরিণতি কী হয়েছে, তা সবার জানা। তাঁরা শান্তির পক্ষে এবং দেশে শান্তি বজায় রাখতে চান।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীতে আপনাদের প্রতি আমাদের কোনো স্ট্রিক্ট (কঠোর) অবস্থানে যেতে না হয়, সেভাবে থাকবেন আপনারা।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণের স্বার্থেই পুলিশ সেখানে দায়িত্ব পালন করে। কিন্তু থানা পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে কাজ করবে?
তিনি আরও বলেন, দেশে আইন মান্যকারী নাগরিকদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন। উদাহরণ দিয়ে আইজিপি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও পুলিশ সদস্য থাকতে পারেন মাত্র ২০ জন। এ অবস্থায় জনগণের মানসিক ও সার্বিক সমর্থন না থাকলে পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। জনগণ যদি মনে করে সেখানে পুলিশের প্রয়োজন নেই, তাহলে তাদেরই আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিতে হবে।
থানায় অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ কোনো আইনি ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ চাইলে সরকার অবশ্যই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আগামীতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যাবে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের আইজিপি আলী হোসেন ফকির, এসআরবি ও বিজিবির মহাপরিচালক গোপালগঞ্জ পরিদর্শনে যান। সেখানে আইজিপি জেলা পুলিশের কল্যাণ সভায় অংশ নেন। পরে জুমার নামাজ শেষে গোপালগঞ্জ সার্কিট হাউসে তিন বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :