সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।

আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সাথী সাহা। শুনানিতে তিনি দাবি করেন, মামলার ঘটনার অনেক আগেই নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল করা কিংবা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মতো বয়স ও শারীরিক সক্ষমতা তার নেই।

আইনজীবী আরও বলেন, নুরুল ইসলাম নাহিদ একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না। এসব বিবেচনায় তার জামিন মঞ্জুরের আবেদন জানান তিনি।

তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
যেভাবে গ্রেপ্তার হন নুরুল ইসলাম নাহিদ
মামলার এজাহার ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
যেভাবে হত্যা করা হয় মাদ্রাসাছাত্র সাদিকুলকে
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরার পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম।

ওই দিন বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধর ও গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।