আইনশৃঙ্খলা বাহিনীর ফ্যাসিস্ট সংশ্লিষ্ট কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে সিদ্ধান্ত আদালতের।

পুলিশ কর্মকর্তাদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরকার আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও দলটিকে রাজনৈতিকভাবে স্বীকৃতি দেবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে নিজেদের আশ্রয়স্থলে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণহত্যা চালিয়ে যেসব অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক গোষ্ঠী দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা আর রাজনীতিতে ফিরতে পারবে না। ইতিহাসে জার্মানির নাৎসি বাহিনীর মতো উদাহরণ রয়েছে, যারা পরবর্তী সময়ে আর রাজনীতি করতে পারেনি।

তিনি বলেন, জাতীয় সংসদেও তিনি জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি বাংলাদেশে আর প্রত্যাবর্তন করতে পারবে না কিংবা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশ আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।